নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়ার জগৎবল্লভপুরে হাওড়া-আমতা রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক পায়রা ব্যবসায়ী। শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আহত ব্যক্তি জগৎবল্লভপুরের অন্তরামপুর এলাকার বাসিন্দা এবং পেশায় পায়রা ব্যবসায়ী। শনিবার দুপুরে তিনি জগৎবল্লভপুর শিবতলা এলাকা থেকে একটি দোকানে পায়রা দিয়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের কাছে, শিয়ালদা বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০ মিটার দূরে, একটি বাস ঘোরানোর সময় হঠাৎই মোটরবাইকটিকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় বাইকসহ ওই ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়েন। অভিযোগ, দুর্ঘটনার পর বাসটি না থেমে দ্রুত গতিতে সামনে এগিয়ে যায় এবং রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
তবে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক বাস চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় এই দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

