নিজস্ব সংবাদদাতা,আরএনবি : মহালয়ার পুণ্যলগ্নে চারদিকে এখন দুর্গাপুজোর আবহ। শহর থেকে গ্রাম সব জায়গায় ধীরে ধীরে জমে উঠছে পুজোর প্রস্তুতি। আর এই উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। মা দুর্গার প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগরেরা। রং করা এবং সাজসজ্জা এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আবার কোথাও শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে মা দুর্গার মুখের অপূর্ব রূপ। পুজোর আগে নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়াই এখন শিল্পীদের প্রধান লক্ষ্য। মাটির গন্ধ, রং-তুলির আঁচড় আর দুর্গাপ্রতিমা জানান দিচ্ছে, মা আসছেন। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শিল্পীদের ব্যস্ততা এবং মানুষের উৎসাহ।সব মিলিয়ে, মহালয়ার হাত ধরেই যেন বাঙালির মনে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের কাউন্টডাউন।


