নিজস্ব সংবাদদাতা, আরএনবি : প্রদেশ কংগ্রেস ৫ লক্ষ কণ্ঠের গীতাপাঠের পর এবার নাগরিক চেতনা জাগাতে আরও এক বৃহৎ উদ্যোগে নামছে। আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টা, কলকাতার রানী রাসমণি রোডে আয়োজন করা হবে বিশাল সংবিধান পাঠ অনুষ্ঠান।
এই কর্মসূচির মাধ্যমে জনগণকে সংবিধানের মূল মূল্যবোধ সমতা, স্বাধীনতা, ন্যায় ও ভ্রাতৃত্ব নিয়ে সচেতন করাই প্রদেশ কংগ্রেসের লক্ষ্য।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভেন্দু সরকার এই সংবিধান পাঠের প্রস্তাবনা দেন ও কর্মসূচিতে সকলের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি কিছুদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করার দাবিতে চিঠি দিয়েছিলেন। তার মতে, ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা সময়ের দাবি।
গীতাপাঠের সফল আয়োজনের পর সংবিধান পাঠের এই উদ্যোগ জনমনে নতুন উদ্দীপনা সঞ্চার করবে বলে আশা করছে প্রদেশ কংগ্রেস। নাগরিক চেতনা ও সাংবিধানিক মূল্যবোধ প্রসারে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করবে।

