নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া মাঠে (বড়গাছিয়া হাসপাতালের সন্নিকটে) তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। হাওড়ার জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং হাওড়া জেলার বিধায়করা। সভা মঞ্চ থেকে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তা দেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” মোদিবাবু, হাতজোড় করে একটা অনুরোধ করছি। ২০২৪ সালের ভোটার তালিকার ভিত্তিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি সেই তালিকাতেই ভোট হয়, তাহলে বাংলায় ৯০ লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এস আই আর করতে হবে কেন? যদি সত্যিই এমন হয়, তাহলে আপনাকে প্রথমে পদত্যাগ করতে হবে। না হলে আগামী দিনে জনগণই আপনাকে পদচ্যুত করবে। মনে রাখবেন, গণতন্ত্রই সবচেয়ে শক্তিশালী।” তিনি আরও বলেন, ” যারা ভয় পায় তারা বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাক। আমার সেই কর্মীদের দরকার যারা বজ্রকণ্ঠে বলবে যতই হামলা হোক, আবার জিতবে বাংলা।” এই জনসভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নেত্রী তাঁর বক্তব্যে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানান।

