নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দীঘা, মন্দারমণি ও তাজপুর-সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত হোটেলে জেলার বাইরের কোনও পর্যটকের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয।নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার বাইরের কোনও ব্যক্তি হোটেল, লজ বা গেস্ট হাউসে থাকতে পারবেন না। ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষকে এই বিষয়ে কঠোরভাবে জানানো হয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় বহিরাগতদের অবাধ যাতায়াত ও অবস্থান অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নজরদারি বাড়িয়েছে গোটা জেলাজুড়ে।
হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে কোনও বাইরের বুকিং নেওয়া যাবে না এবং বর্তমানে যারা রয়েছেন, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেল ছাড়ার ব্যবস্থা করতে হবে। নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।
এই সিদ্ধান্তে কিছুটা অসুবিধায় পড়েছেন পর্যটক ও হোটেল ব্যবসায়ীরা। তবে প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হওয়ায় আপাতত পর্যটন কেন্দ্রগুলিতে পড়েছে প্রভাব। তবে প্রশাসনের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

