নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। এবার সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে হাওড়া। একদিকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রচারসভা, অন্যদিকে আগামীকালই সেখানেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে জেলাজুড়ে। আজ, বুধবার বিকেলে শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি একটি পদযাত্রায় অংশ নেবেন। বিকেল ৪টেয় শঙ্কর মঠ এলাকা থেকে পদযাত্রা শুরু হবে এবং শেষ হবে ক্যারি রোডে। শিবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করবে এই মিছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতা। স্থানীয় প্রার্থীদের সমর্থনে তাঁর এই সভাকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে শাসক দল।
এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে দাবি করছেন জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্ববৃন্দ। প্রশাসনের তরফেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, ট্র্যাফিক নিয়ন্ত্রণ, ফুটপাথে ব্যারিকেড বসানো এবং বিশেষ নজরদারির ব্যবস্থা নিচ্ছে হাওড়া সিটি পুলিশ।
অপরদিকে বিজেপি প্রার্থীদের সমর্থনে আগামী ২৩ এপ্রিল বালি থেকে হাওড়া পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, ওই দিন মোদী প্রথমে বেলুড় মঠে আসবেন। সেখানে কিছুক্ষণ তিনি থাকবেন, তার পরে বেলুড় মঠের সামনে থেকেই শুরু হবে তাঁর রোড শো। শেষ হবে হাওড়া ময়দানে গিয়ে। মোদীর রোড শো উপলক্ষে সাজো সাজো পরিস্থিতি এখন হাওড়ার বেলুড়ে। বেলুড় মঠ থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত জিটি রোড ধরে তৈরি করা হচ্ছে বাঁশের ব্যারিকেড। সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বলয়। মোদীর রোড শো উপলক্ষে ভিড় উপচে পড়বে বলে আশা করছেন বিজেপি নেতৃত্ববৃন্দ। এই ভিড় সামাল দিতে ও প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে ঘাম ছুটছে হাওড়া পুলিশ প্রশাসনের।
প্রধানমন্ত্রীর রোড শো কোন কোন রাস্তা দিয়ে যাবে এবং সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভূমিকা কী হবে, তা নিয়ে দফায় দফায় বিজেপি নেতারা বৈঠক করছেন।
কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, দুর্নীতির অভিযোগ এবং রাজ্য সরকারের সমালোচনা—এই সব ইস্যুকে সামনে রেখে প্রচারে নামবে বিজেপি শিবির।
দুই শীর্ষ নেতার পরপর সভাকে কেন্দ্র করে হাওড়ায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। ইতিমধ্যেই জেলাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাওড়া জেলা এবার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তাই দুই বড় দলের শীর্ষ নেতৃত্বের এই আগমন ভোটের লড়াইকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, আজ মমতা আর আগামীকাল মোদীর সভাকে ঘিরে হাওড়া এখন কার্যত রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

