নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জলাভূমি সংরক্ষণ-কে মূল সুর করে সমগ্র জেলার একঝাঁক পরিবেশকর্মী ও পরিবেশপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, সমাজকর্মী, বন আধিকারিক, গবেষক, ছাত্রছাত্রী ও শতাধিক সাধারণ মানুষের সমাগমে সফল ভাবে সম্পন্ন হল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আয়োজনে তৃতীয় হাওড়া জেলা পরিবেশ সম্মেলন গ্ৰামীণ হাওড়া জেলার বাগনানের বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রের সভাঘরে।
এদিনের সভার সূচনা হয় মঞ্চের জগৎবল্লভপুর ইউনিটের কোঅর্ডিনেটর সৌরভ দত্তের উদ্দীপ্ত কণ্ঠে কবি সুকান্তের শতবর্ষ উপলক্ষে তাঁর বিখ্যাত কবিতা “ছাড়পত্র” আবৃত্তির মধ্যদিয়ে। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা করেন প্রাক্তন বন দফতরের আধিকারিক ও মঞ্চের পৃষ্ঠপোষক বিজনবিহারী মজুমদার । সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ মঞ্চের বর্তমান সভাপতি সৌরেন্দু শেখর বিশ্বাস, মহিলা বিকাশ কেন্দ্রের কর্ণধার তথা পরিবেশকর্মী গান্ধীবাদী গোপাল ঘোষ, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র , পরিবেশ গবেষক ডঃ সুজন হালদার, সমাজকর্মী মোহন ঘোষ, ইতিহাসবিদ কল্যাণ দাস সহ আরো অনেকে। জলাভূমি চিহ্নিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ভূগোলবিদ ডঃ সৌরভ চট্টোপাধ্যায় । জলাভূমি ও মৎসচাষ নিয়ে বক্তব্য রাখেন ফিশারি ডিপার্টমেন্ট এর আধিকারিক তুহিন শুভ্র ভৌমিক ।গবেষক ডঃ সুজন হালদার উপস্থাপন করেন আমতা ২ এলাকার জলাভূমির গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিশেষ ভিডিও প্রেজেন্টেশন। উচ্ছসিত হয়ে ওঠে আগত শতাধিক দর্শক। তুলে ধরা হল পরিবেশ মঞ্চের কাজকর্ম ও জেলার পরিবেশগত সমস্যার কথা বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে। উপস্থাপন করেন মঞ্চের সদস্য অভিষেক মণ্ডল।
এরপর উপস্থিত পরিবেশ মঞ্চের কোঅর্ডিনেটররা ও সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ সকলে মিলে জেলার পরিবেশগত সমস্যা ও বিশেষ করে জলাভূমি সংরক্ষণ নিয়ে একগুচ্ছ দাবীপত্র ” আমাদের দাবী ” নামে বিশেষ পুস্তিকা প্রকাশ করেন।
সম্মেলনের দ্বিতীয়ার্ধে হাওড়া জেলার পরিবেশ সমস্যা ও বনবিভাগের ভূমিকা নিয়ে সুন্দর আলোকপাত করেন হাওড়া বন বিভাগের বনাধিকারিক (DFO) সুজয় কুমার দাস । তাঁর হাতেও মঞ্চের দাবীপত্র তুলে দেওয়া হয়। তিনি আগামীতে পরিবেশ মঞ্চের সঙ্গে বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ -র সহঃ সভাপতি সম্রাট মণ্ডল ডিএফও কাছে জেলার কৃষি সংকট ও ফেরাল শূকরের সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বেআইনি গাছকাটা নিয়েও পদক্ষেপ গ্রহণের দাবী জানান। বনাধিকারিক সদর্থক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা ঘটে তা হল এই প্রথম একসঙ্গে হাওড়া জেলার সব প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন পরিবেশপ্রেমী ছাত্রছাত্রী, শিক্ষক, সমাজকর্মী, পরিবেশকর্মীদের পরিবেশের কাজে আত্মনিষ্ঠ হয়ে অংশ নেবার স্বীকৃতি স্বরূপ ও উৎসাহদানের স্বার্থে পরিবেশ মঞ্চের তরফে প্রদান করা হয় ” সবুজ যোদ্ধা সম্মান “। DFO হাত থেকে এই সম্মান পেয়ে সকলে খুবই আনন্দিত হন এবং কৃতজ্ঞতা জানান।
এদিন প্রচুর নতুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যপদ গ্রহণ করেন এবং একযোগে জেলার পরিবেশ রক্ষার লড়াইয়ে সামিল হবার অঙ্গীকার করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ -র সায়ন দে ও মঞ্চ – র সদস্য তথা ডট ফাউন্ডেশন এর কর্ণধার তথা সভাপতি দীপঙ্কর পোড়েল। সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ -র সম্পাদিকা কল্যানী পালুই ।

