নিজস্ব সংবাদদাতা, আরএনবি : সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকারকে বড় ধাক্কা দিল। ১০০ দিনের কাজের প্রকল্প অবিলম্বে শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত আরও বলেছে, রাজ্যের পাওনা অর্থ নিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দিতে হবে। এই প্রথম আদালত বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে সরাসরি নির্দেশ দিল।
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ১০০ দিনের কাজ শুরু করার মামলায় জয় পেয়েছিল। কেন্দ্রের অভিযোগ ছিল, এই প্রকল্পে প্রায় ৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই কারণেই টাকা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু রাজ্য বলেছিল, এই অভিযোগ মিথ্যে, কেন্দ্র রাজনৈতিক কারণে টাকা আটকে রেখেছে।
হাইকোর্ট আগেই বলেছিল, তদন্ত চলতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না। সেই রায়ের বিরুদ্ধে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেলেও, সেখানেও তাদের আবেদন খারিজ হয়।
এরপর শুক্রবার কলকাতা হাইকোর্ট আবারও জানিয়ে দেয়, আর দেরি না করে বাংলায় ১০০ দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। কেন্দ্রের পক্ষ থেকেও আদালতে জানানো হয়েছে, ‘প্রকল্প চালু করতে তাদের কোনও অসুবিধা নেই।’

