নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে। এই জয়ের পর গোটা দেশ অভিনন্দনে ভরিয়ে দিচ্ছে তাঁদের। বৃহস্পতিবার টিম ইন্ডিয়া দেখা করল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে।
এই সাক্ষাতে অধিনায়ক হরমনপ্রীত কৌর রাষ্ট্রপতির হাতে টিম ইন্ডিয়ার একটি বিশেষ জার্সি তুলে দেন। সেই জার্সিতে বিশ্বজয়ী সব খেলোয়াড়ের সই ছিল। তাঁরা বিশ্বকাপ ট্রফিটি রাষ্ট্রপতির হাতে দেন।
গত রবিবার ফাইনাল ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। এটা ভারতীয় মহিলা ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য।
রাষ্ট্রপতি টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ”তোমরা শুধু ইতিহাস গড়োনি, আগামী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছো।” তিনি আরও বলেন, “এই দল ভারতের আসল রূপ দেখায় বিভিন্ন সমাজ ও পটভূমি থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে গঠিত এক ঐক্যবদ্ধ দল।”
রাষ্ট্রপতি ভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রপতি বলেন, “এই জয় ভারতীয় নারীদের শক্তি, আত্মবিশ্বাস ও পরিশ্রমের প্রতীক। তোমাদের জেদ ও শৃঙ্খলা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

