নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া ব্রিজের ১২ নম্বর পিলারের কাছ থেকে বুধবার রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে কলকাতা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কাছে কোনও পরিচয়পত্রও পাওয়া যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ।

