নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শ্যামপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নদেবাসী জানার সমর্থনে শ্যামপুর-গাদিয়াড়া মোড়ে অনুষ্ঠিত হলো এক বৃহৎ নির্বাচনী জনসভা। এই জনসভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে মানুষজন দলে দলে সভাস্থলে এসে জমায়েত হন।
এই জনসভায় উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, শ্যামপুরের বিদায়ী বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া গ্ৰামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। এবং শ্যামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নদেবাসী জানা, যাঁর সমর্থনেই এই জনসভার আয়োজন করা হয়। তাঁদের সঙ্গে ছিলেন এলাকার একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
বক্তারা তাঁদের ভাষণে রাজ্যের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা জনগণের কাছে আবেদন জানান, শ্যামপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

