সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ-২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বড়সড় জঙ্গি হামলার পর ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে ধ্বংস করা হয়। এরপর ভারত বিশ্বের নানা দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়ে জানিয়ে দেয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কী পদক্ষেপ নিয়েছে। বহু দেশ এতে ভারতের পাশে দাঁড়ায়।
এই ঘটনার পর পাকিস্তানও একই রাস্তায় হাঁটে। তারা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ব্রাসেলসে প্রতিনিধি দল পাঠায়। এই সফরে ব্রিটেনে স্কাই নিউজ-এর লাইভ অনুষ্ঠানে হাজির হন পাকিস্তানের প্রবীণ রাজনীতিক ও সেনেটর শেরি রেহমান।
সেখানেই ঝড় ওঠে, যখন সাংবাদিক ইয়ালদা হাকিম তাঁকে প্রশ্ন করেন ‘ব্রিগেড ৩১৩’ নামে এক কুখ্যাত জঙ্গি গোষ্ঠী নিয়ে। প্রশ্ন শুনেই রেগে যান শেরি। তিনি বলেন, “আপনি ভারতের ভাষায় কথা বলছেন!” তাঁর দাবি, পাকিস্তান বদলে গেছে, এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়ছে। পাশাপাশি অভিযোগ তোলেন, আন্তর্জাতিক মহল শুধু ভারতের কথা শুনছে। কী এই ‘ব্রিগেড ৩১৩’? বিশ্বের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক ও গবেষণা সংস্থা বলছে, ‘ব্রিগেড ৩১৩’ হচ্ছে পাকিস্তানভিত্তিক আল–কায়েদার ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন।
এই সংগঠন তালিবান, লস্কর-ই-জাংভি, হরকত-উল-জিহাদ-আল-ইসলামি–এর মতো আরও অনেক চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এবং ভারত-পাকিস্তান সীমান্তে এদের কার্যকলাপ রয়েছে।নামের ‘৩১৩’ অংশটি ইসলামের ইতিহাস থেকে নেওয়া—যেসব সাহাবী বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের সংখ্যা ছিল ৩১৩।কে চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী?
এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছে ইলিয়াস কাশ্মীরি, যিনি আল-কায়েদার ‘শ্যাডো আর্মি’র নেতা। রিপোর্ট বলছে, পাকিস্তানের সেনা ও গোয়েন্দা সংস্থা থেকেও এরা সদস্য নিয়োগ করে।
বিশেষজ্ঞদের মতে, ব্রিগেড ৩১৩ দক্ষিণ এশিয়ার অন্যতম বিপজ্জনক জঙ্গি গোষ্ঠী, যা শুধু পাকিস্তান নয়, পুরো উপমহাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।

