সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিজেপি সরকার রাজ্যে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জী) চালু করতে চাইছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি পদ্মশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেছেন এবং বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমের একটি পোস্টে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীর উদাহরণ তুলে ধরেন। উত্তমের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, অসম সরকার তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে, উত্তমের নাম ১৯৬৬ সালে প্রথম ভোটার তালিকায় ছিল। তারপরও কেন তাকে এনআরসি নোটিস পাঠানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তম ৫০ বছর ধরে বাংলায় বাস করছেন, তারপরও তাকে বিদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে।” তিনি আরও বলেন, এটি বাংলার গণতন্ত্রের ওপর একটি পরিকল্পিত আক্রমণ এবং প্রমাণ করে যে বিজেপি পশ্চিমবঙ্গে এনআরসি চাপানোর চেষ্টা করছে, যদিও তাদের সেখানে কোনো অধিকার নেই।
এছাড়া, মমতা আরও জানান, উত্তম রাজবংশী সম্প্রদায়ের সদস্য এবং তাকে ভয় দেখানো হচ্ছে, যাতে তার ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। তিনি বলেন, “বিজেপি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে, কিন্তু বাংলা চুপ থাকবে না।”

