নিজস্ব সংবাদদাতা, আরএনবি:বিধানসভা ভোটের আগে নারী নিরাপত্তা প্রসঙ্গে বারবার উঠে এসেছে আর জি কর এবং সন্দেশখালির ঘটনা। এবার বিপুল জনাদেশে ক্ষমতায় এসে নবান্ন থেকে আর জি কর-কাণ্ডের খাতা খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আর জি কর তদন্তে এবার পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে।এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কড়া সুরে বলেন, “আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল। ঘটনায় ২ পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। আর জি কর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল, রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল- সব খতিয়ে দেখা হবে।”আর জি কর-কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে ৩ আইপিএস অফিসারকে। তাঁদের মধ্যে রয়েছেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।মুখ্যমন্ত্রী আরও বলেন, “আরজি কর নিয়ে ক্যাবিনেটে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে। আমি পুলিশের কাছে লিখিত চেয়েছিলাম কীভাবে আরজি কর এবং তার পরের কিছু বিষয় নিয়ে কাজ করা হয়েছিল। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব গত কয়েকদিন ধরে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজ করেছেন। পুলিশের যে কাজ করা উচিত ছিল, সেই বিষয়গুলি আমরা দেখব। সিবিআই তদন্ত আদালতে বিচারাধীন, তাই আমরা পুলিশের বিষয়টি দেখব।”তিনি আরও জানান, সেই সময়ের সিনিয়র পুলিশ অফিসারদের ভূমিকা, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারসহ অন্যান্যদের কাজও খতিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ নিয়েও বিভাগীয় তদন্ত হবে। ফোন কল, রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটসহ সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। পাশাপাশি তৎকালীন কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।

