ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বছর দুয়েক আগে ধর্ষণের শিকার হয়ে মা হয়েছিল এক তরুণী ,এখন সে নিজের সন্তানকে ফিরে পেতে চাইছেন। তবে শুধুমাত্র সন্তান ফিরিয়ে দেওয়াই নয়, একজন ‘কুমারী মা’র মর্যাদা নিয়েই সন্তানের ভবিষ্যৎ গড়তে চাইছেন। বনগাঁর বিশেষ পকসো আদালতে সাক্ষী দেওয়ার সময় বিচারকের কাছে এমনই আর্জি জানালেন তরুণী।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের দুর্গাপুজোর দশমীর দিন। অভিযোগ, ঠাকুরনগরের বাসিন্দা অমিত বিশ্বাস নামে এক যুবকের। ওই যুবক নাবালিকাকে গাইঘাটার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই সময় বাড়ি ফাঁকা থাকায় অমিত সেই সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে । নির্যাতিতা কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বাসিন্দা। পরে অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, ধর্ষণের ফলে বড় সমস্যা দেখা দেয়। ২০২৪ সালের ১৯ জুলাই পেটের ব্যথা নিয়ে ওই নাবালিকা এক সরকারি হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায়, হাসপাতালের শৌচালয়ে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন নির্যাতিতা। পুরো ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। করা হয় ‘জিরো এফআইআর’। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বনগাঁ মহিলা থানাকে। অভিযুক্ত অমিত বিশ্বাস বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে নির্যাতিতার সম্মতিতে সদ্যোজাত শিশুকে কলকাতার এক সরকারি হোমে পাঠানো হয়। তবে মাত্র ১১ দিনের মাথায় নির্যাতিতা তার সন্তানকে ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। অভিযোগ, হোম কর্তৃপক্ষ তাঁর আবেদনে সাড়া দেয়নি। সেই পরিস্থিতিতে বুধবার বনগাঁর বিশেষ পকসো আদালতে হাজির হয়ে বিচারকের সামনে ফের নিজের সন্তানের দাবি জানান তরুণী। আদালতের উদ্দেশ্যে তরুণীর আবেদন, ‘আমি নিজের সিদ্ধান্তে সন্তানকে হোমে দিয়েছিলাম, কিন্তু এখন তাকে নিজের কাছে রাখতে চাই। আমি কুমারী মা হিসেবেই সন্তানকে বড় করব। আমার পরিচয়েই সে সমাজে মাথা তুলে বাঁচবে।’
এই ঘটনার সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন বিশেষ সরকারি কৌঁসুলি সমীর দাস। তিনি জানান, নির্যাতিতা তরুণী তাঁর সন্তানকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। কোনও পুরুষ সঙ্গী বা স্বামী ছাড়াই সন্তান পালন করতে চান। তবে চাঞ্চল্যকর বিষয় হল, এখনও পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি। আদালত এর আগে ডিএনএ পরীক্ষার জন্য শিশুকে হাজির করার নির্দেশ দিলেও, পুলিশ শিশুকে খুঁজে পায়নি বলে জানান সমীর দাস। এই প্রেক্ষিতে আদালত হোম কর্তৃপক্ষকে তলব করেছে।

