সুইতা পাল, সংবাদদাতা, হাওড়া: শুক্রবার ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের ছুটি। তারপরই শনি ও রবিবার। অর্থাৎ সপ্তাহান্তে তিনদিনই দীর্ঘ ছুটি। আর এই সময়টাকে উপভোগ করতে অনেকেই কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা করেছেন। তাঁদের মধ্যে অনেকের পছন্দ দিঘার সমুদ্র। সেই ভালো লাগার টানেই হাওড়ার বাসিন্দা ৯ জন বৃহস্পতিবার সকালে দিঘা বেড়াতে গিয়েছেন। সেখানে পৌঁছে সমুদ্রস্নানে নামেন তাঁরা।তারপরই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্নান করতে করতেই দু’জন সমুদ্রে তলিয়ে যায়। খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দু’জনকেই। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নারায়ণ সাউ, বয়স ৪২ বছর। তিনি ওড়িশার বাসিন্দা। ব্যবসার কাজে হাওড়ার লিলুয়ায় থাকেন। তাঁরা সকলে দিঘা বেড়াতে গিয়ে ছিলেন। ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নামতেই দুর্ঘটনা। ছুটিতে বেড়ানোর আনন্দ নিমেষে পরিবর্তন হয়ে গেলো শোকে। দীঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা জানিয়েছেন ” সমুদ্র স্নানে নেমে দুই পর্যটক তলিয়ে যান। একজনকে উদ্বার করা সম্ভব হলেও একজনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। উদ্বার হওয়া পর্যটকের চিকিৎসা চলছে”।
এই দুর্ঘটনার পর দিঘা পুলিশ পর্যটকের নিরাপত্তায় আরো ও বেশি সতর্কতা নিয়েছে। দিঘায় চলতি সপ্তাহে প্রচুর ভিড়ের আশঙ্কা। আর সেই নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ তরফ থেকে।

