পায়েল পাখিরা, হাওড়া:- স্বাধীনতার ৭৯ তম বর্ষে, জাতীয় চেতনা ও সমাজগঠনের মহৎ উদ্দেশ্যে, হাওড়া জেলার উদয়নারায়নপুর থানার কানুপাট হরেন্দ্র পাঠাগারে এক স্মরণীয় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন পাঁচারুল প্রনাম ওয়েলফেয়ার সোসাইটি ও My Bharat, Howrah-এর যৌথ উদ্যোগে। ১৪ ও ১৫ আগস্ট, ২০২৫—দু’দিন ব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় মানুষ, যুবক-যুবতী এবং সমাজকর্মীদের বিপুল অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
উৎসবের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকলে একাত্মবোধে উদ্বুদ্ধ হন। এরপর দেশপ্রেমের আবহে মঞ্চে সাজানো হয় ‘স্বাধীনতা সংগ্রামীদের’ অভিনব সাজসজ্জা। ছোট ছোট ছেলেমেয়েরা নেতাজি, গান্ধীজি, ভগৎ সিং প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের বেশে অংশগ্রহণ করে ইতিহাসের গৌরবগাথা জীবন্ত করে তোলে।
একটি মনোমুগ্ধকর অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে স্বাধীনতা দিবস, প্রকৃতি ও সমাজসেবার নানা দিক উঠে আসে শিশুমনের ক্যানভাসে। অনুষ্ঠানটির একটি বিশেষ দিক ছিল বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ। “সবুজে বাঁচি, সবুজে বাঁচাই”—এই বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র। পরিবেশ সচেতনতা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।
এছাড়াও সমাজকে নেশামুক্ত রাখার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যুবসমাজের ভূমিকা, তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুভাষচন্দ্র পোড়েল মহাশয়, পল্লী মহল হরেন্দ্র শিক্ষায়তনের প্রধান শিক্ষক; শ্রী শান্তনু সেন মহাশয়, গ্রন্থাগারিক; এছাড়াও সংস্থার সম্পাদক, কোষাধক্ষ্য ও প্রায় ৭০ জন যুবক-যুবতী।
এই স্বাধীনতা দিবসের উৎসব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল সমাজের প্রতি দায়িত্ববোধ ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল নিদর্শন। এমন উদ্যোগ আগামীতেও ধারাবাহিকভাবে চলুক—এই ছিল সবার কামনা।

