সায়ন্তন মন্ডল, নিজস্ব সংবাদদাতা, কলকাতা; আজ ১০ই অগাস্ট রবিবার, পূর্ব রেলের ইতিহাসে এক নতুন গৌরবময় অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকেই শিয়ালদহ ও রানাঘাট স্টেশন দু’জায়গাতেই ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী যাত্রার আগে রেল কর্তৃপক্ষের তরফে ফিতাকাটা ও আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়, যেখানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শীর্ষ আধিকারিকরা। ফুলের মোড়কে সুসজ্জিত হয়ে প্রথম ট্রেনটি সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে শিয়ালদহে পৌঁছায়। অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাটে পৌঁছায়। প্রাথমিক পর্যায়ে দিনের এই নির্দিষ্ট সময়ে দুটি ট্রিপে পরিষেবা দেওয়া হবে। রেল সূত্রে খবর, যাত্রীদের ইতিবাচক সাড়া মিললেই ভবিষ্যতে ট্রিপ সংখ্যা বাড়ানো হবে সাথে অন্যান্য রুটগুলিতেও ধাপে ধাপে এসি লোকাল পরিষেবা চালুর কথা ভাবা হবে।আধুনিক এই এ.সি. লোকালে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আরামদায়ক কুশন আসন, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, ডিজিটাল ইনফরমেশন ডিসপ্লে এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা। সাধারণ লোকালের তুলনায় ভাড়া কিছুটা বেশি হলেও যাত্রীরা আরামের জন্যই এই পরিষেবায় আগ্রহী হচ্ছেন। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি শিয়ালদহ স্টেশনে ঢোকার সাথে সাথেই প্লাটফর্মে যাত্রীদের ছবি তোলার ঢল ছিল চোখে পড়ার মতো। অনেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটিকে বড় উপহার হিসেবেই মনে করছেন আর তারই পাশাপাশি সোস্যাল মিডিয়াতেও এর চর্চা তুঙ্গে।এই নতুন উদ্যোগ কলকাতা ও শহরতলির যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও আরামদায়ক করে তুলবে। যাত্রীদের ইতিবাচক সাড়া মিলবেই, এই ভেবে আশায় বুক বাঁধছেন রেল কর্তৃপক্ষ।

