পায়েল পাখিরা, হাওড়া:- নতুন করে সবুজের ছোঁয়া পেতে চলেছে সুন্দরবন। ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে এবার বড় মাপের পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের ‘মিষ্টি’ প্রকল্প—মানে ‘Mangrove Initiative for Shoreline Habitats and Tangible Incomes’—এর আওতায় প্রায় ২৬৫ হেক্টর জমিতে রোপণ করা হবে প্রায় ১৫ লক্ষ ম্যানগ্রোভ গাছের চারা। সূত্র অনুযায়ী, ইতিমধ্যে বন দফতরের আধিকারিকরা চারা রোপণের নির্দিষ্ট জায়গাগুলি নির্ধারণ করে ফেলেছেন।
রোপণের এলাকা হিসেবে বেছে নেওয়া হয়েছে ঠাকুরান নদীর পাড় ঘেঁষা নতুন চর থেকে শুরু করে কাঁকরামারির চর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে রামগঙ্গা রেঞ্জে ৫০ হেক্টর, নামখানা রেঞ্জে ৮০ হেক্টর এবং রায়দিঘি রেঞ্জে সর্বোচ্চ ১৩৫ হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গড়ে প্রতি হেক্টরে ১০ হাজার ম্যানগ্রোভ চারা বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিবছর ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ বনভূমি। সেই ক্ষয় পূরণ করতেই এবার নতুন করে রোপণে জোর দেওয়া হচ্ছে। এখন রোপণ করা গাছগুলি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে পরিপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। যদিও ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ থাকায় পূর্বের অভিজ্ঞ শ্রমিকরা অন্য পেশায় চলে গিয়েছেন, তবুও গ্রামবাসীদের একাংশকে কাজে যুক্ত করে এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বন দফতর।
চারা সংগ্রহ করা হবে সুন্দরবনের বিভিন্ন ব্লকের সরকারি নার্সারিগুলি থেকে। গোটা প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, যার মধ্যে চারা কেনা, রোপণ ও শ্রমিকদের মজুরি—সবই অন্তর্ভুক্ত রয়েছে।
এই প্রকল্প শুধু প্রাকৃতিক পরিবেশ রক্ষা নয়, বরং দুর্যোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন পরিবেশবিদরা। পাশাপাশি জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগেও কিছু এলাকায় ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা নিচ্ছে। সব মিলিয়ে, সবুজে আরও মোড়া পড়তে চলেছে সুন্দরবন।

