মিতা জানা, নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগে একাধিকবার তাঁর বঙ্গ সফর ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ। প্রশাসনিক কর্মসূচির অজুহাতে এলেও এই সফরের আড়ালে অন্য কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
সূত্রের খবর, আজ রাতেই প্রধানমন্ত্রী কলকাতায় এসে পৌঁছবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি রাজভবনে রাত্রিযাপন করবেন। পরদিন সকালে ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
রাজনৈতিক মহলের দাবি, প্রশাসনিক কর্মসূচির আড়ালে ভোটের আগে রাজ্যে একাধিক ইস্যুতে বার্তা দিতে পারেন মোদি। বিশেষত রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।
তবে সরকারি মহল জানিয়েছে, প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকারি কর্মসূচিতেই অংশ নেবেন। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, রাজ্য সফরে মোদির প্রতিটি পদক্ষেপের মধ্যে লুকিয়ে থাকতে পারে আসন্ন নির্বাচনের জন্য বড়সড় কৌশল।

