নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বসন্ত এসে গেছে। কোকিলের ডাক, হালকা গরম হাওয়া সবই জানাচ্ছে ঋতু পরিবর্তনের। কিন্তু প্রকৃতির সেই চেনা রঙ যেন কোথাও ফিকে। এ বছর অনেক জায়গাতেই চোখে পড়ছে না পলাশ-শিমুলের ফুল।গ্রাম থেকে শহর অনেক এলাকায় পলাশ ও শিমুল গাছ থাকলেও আগের মতো ফুলে ভরে উঠছে না ডালপালা। স্থানীয়দের মতে, অনিয়মিত আবহাওয়া, অকাল বৃষ্টি ও তাপমাত্রার হেরফের এর বড় কারণ। পরিবেশবিদদের মতে, গাছ কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও দায়ী। আগে রাস্তার ধারে, মাঠের পাশে সারি সারি পলাশ-শিমুল ফুল পড়ে আছে চোখে পড়ত। এখন সেই ছবি অনেকটাই বদলে গেছে। শহরের চাপে অনেক গাছ কেটে ফেলা হয়েছে, নতুন করে লাগানোর উদ্যোগও কম।তবে এখনও কিছু এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে দেখা মিলছে লাল ফুল । সেগুলিই মনে করিয়ে দিচ্ছে বসন্ত পুরোপুরি হারিয়ে যায়নি। বসন্ত আছে, কিন্তু পলাশ-শিমুলের রাঙা রূপ যেন আগের মতো নেই এমনই আক্ষেপ সাধারণ মানুষের।

