নিজস্ব সংবাদদাতা, আরএনবি : দুইমাস আগে একটি ভয়াবহ দুর্ঘটনায় মারা যান বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বলিউডের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী এখন শুধুই স্মৃতি। তাঁর মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন।মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে জুবিনের জীবন জুড়ে সীমাহীন সুরেলা সফরের কথা মনে করালেন তিনি।
জানা যায়, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাতীয় খ্যাতিসম্পন্ন এই গায়ক। তাঁর মৃত্যু নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে কোনও ষড়যন্ত্র ছিল কি না তা তদন্ত করা হচ্ছে। তাঁর মৃত্যুর খবর পেয়েই ‘ভাই’ সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সংস্কৃতিপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দু’মাসের মাথায় জুবিনের জন্মদিনটাও ভুললেন না তিনি। তবে যাই হোক, জুবিনের মতো প্রতিভার মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতের এক বড় ক্ষতি।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডলে জুবিনের উদ্দেশে অতি সংক্ষিপ্ত বার্তা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেই মিশে অসীম শ্রদ্ধা আর প্রিয়জন হারানোর শোক। মমতার বার্তা, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’
অন্যদিকে, অসমের কোকরাঝাড়ে গৌরাঙ্গ নদীর ধারে ৩০ বিঘা জমিতে তৈরি করা হচ্ছে ‘জুবিন গর্গ পার্ক’। শিল্পীর ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর এই প্রকল্পের উদ্বোধন হবে। সেদিন ৫৩টি নাহোর গাছ লাগিয়ে তাঁকে প্রতীকী শ্রদ্ধা জানানো হবে।

