ডালিয়া বর, হাওড়া:- রাজনৈতিক কারণে ফের তৃণমূল কর্মী খুন। কোচবিহারের পানিশালার হাওড়াহাট এলাকায় তৃণমূল কর্মী সুবোধ মালাকারকে পিটিয়ে খুন করার অভিযোগ। তাঁর পরিবারের দাবি,এই খুনের পিছনে রয়েছে বিজেপির এক সক্রিয় কর্মী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধ মালাকার তাঁর নিজস্ব জমিতে ধান কাটার কাজ দিয়েছিলেন এলাকার এক যুবককে। ওই যুবক বিজেপি-ঘনিষ্ঠ বলেই পরিচিত। কাজের জন্য নির্ধারিত হয় ছ’হাজার টাকা। অভিযোগ, ওই যুবক পুরো কাজ শেষ হওয়ার আগেই অগ্রিম টাকা চেয়ে বসে ।সুবোধ টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং উত্তেজনা ক্রমশও বাড়ে। অভিযোগ, ওই যুবক সুবোধকে তুলে নিয়ে গিয়ে নিষ্ঠুর ভাবে মারধর করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পূর্বেই এলাকা জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মৃতের পরিবারের দাবি,তিনি শুধুমাত্র একজন শ্রমিক নন, তৃণমূলের সক্রিয় কর্মীও ছিলেন।এই খুনের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই তাদের দাবি। একই কথা শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের মুখেও। তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে বলেন, এটা পরিকল্পিত খুন। তৃণমূল কর্মীদের টার্গেট করেই একের পর এক হামলা চালানো হচ্ছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কর্মীরা হয়েছে। জেলা নেতৃত্বের বক্তব্য, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। ব্যক্তিগত বিরোধের জেরে যা ঘটেছে, তা দলীয়ভাবে বিচার করা উচিত নয়। অন্যদিকে, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা পুলিশও। রাজনৈতিক রং না লাগিয়ে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।

