নিজস্ব সংবাদদাতা, আরএনবি:কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার অভিযোগে তোলপাড়। এই কেন্দ্রবিন্দুতে খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ক্লাবের কর্তা। অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই কলকাতার ফুটবল ম্যাচে ফিক্সিং চক্র চালাচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, আকাশ দাস শুধুমাত্র ম্যাচ গড়াপেটায় যুক্তই নন, বরং গোটা ফিক্সিং চক্রের ‘কিংপিন’ বলেই মনে করা হচ্ছে তাঁকে।
কলকাতা ফুটবল লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে আগেই তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই তদন্তেই উঠে আসে খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাসের নাম। তদন্তকারীদের সন্দেহ, তিনিও এই ফিক্সিং চক্রের সঙ্গে যুক্ত। পুলিশের অনুমান, গত কয়েক বছর ধরেই আকাশ ম্যাচ গড়াপেটায় জড়িত থাকতে পারেন।
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের দুটি ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। খিদিরপুর ক্লাবের নাম ছিল।অভিযোগ , দুই ক্লাবের তিনজন ফুটবলার ও এক সহকারী কোচ এই চক্রে যুক্ত। গত জুলাই মাসে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে এবং ক্লাব কর্তাদের কাছ থেকেও জবাব চায়। সেই সময় থেকেই কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে আসছে।
এই বিষয়ে স্পষ্ট প্রমাণ হাতে পাওয়ার পরেই লালবাজারের গোয়েন্দা বিভাগ তৎপর হয়। গতকাল রাতভর আকাশ দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জেরা শেষে তাঁর মন্তব্য ও প্রমাণের ভিত্তিতে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাঁকে।

