নিজস্ব সংবাদদাতা, হুগলী: হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরল ১০০ জনের মুখে। আরামবাগ পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০০টি মোবাইল ফোন তাঁদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। উদ্ধার হওয়া ফোনগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।হুগলী গ্রামীণ পুলিশ জেলার অধীন আরামবাগ পুলিশের এই উদ্যোগে খুশি ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা। দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে জরুরি কাজ, বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং আর্থিক লেনদেন— নানা ক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ফোন হারিয়ে গেলে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই পরিস্থিতিতে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।পুলিশের এই পদক্ষেপ নাগরিকদের সম্পত্তি সুরক্ষা এবং জনসেবার প্রতি হুগলী গ্রামীণ পুলিশের দায়বদ্ধতারই প্রতিফলন। হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি সেগুলি সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।


