নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ফেব্রুয়ারির দুই তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।তাই এই পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকদের বিএলও সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি উঠল।এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ।পর্ষদের দাবি,মাধ্যমিক পরীক্ষা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরীক্ষা।প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা,উত্তরপত্র বণ্টন,পরীক্ষা কেন্দ্র পরিচালনা থেকে শুরু করে একাধিক গুরুদায়িত্বে যুক্ত থাকেন শিক্ষকরা।সেই সময়েই বিএলও র মতো বাড়তি প্রশাসনিক দায়িত্ব চাপলে পরীক্ষার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়।পর্ষদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষকরা যেন বিএলও র কাজ থেকে অব্যাহতি পান,সে বিষয়ে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হোক।শিক্ষক মহলের একাংশের মতে,একইসঙ্গে পরীক্ষা ও ভোট সংক্রান্ত কাজ সামলানো মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত চাপের।এতে পরীক্ষার মান ও স্বচ্ছতা দু’দিকই ক্ষতিগ্রস্ত হতে পারে।এখন দেখার বিষয় হলো এই যে,নির্বাচন কমিশন এই আবেদন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে।এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কোনও বিশেষ নির্দেশিকা জারি করে কি না।

