নিজস্ব সংবাদদাতা, আরএনবি: খেলতে খেলতেই হঠাৎ চোখের আড়াল হয়ে যায় দশ বছরের সামিয়ান ইসলাম মোল্লা। মুহূর্তের মধ্যে পরিবারের ওপর নেমে আসে চরম উদ্বেগ। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই মিলে শুরু হয় মরিয়া খোঁজাখুঁজি। কিন্তু সন্ধ্যা ঘনালেও কোনও সূত্র মেলেনি। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। গতকাল সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ পেঁড়ো থানায় নিখোঁজ সংক্রান্ত মিসিং রিপোর্ট দায়ের হতেই ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একাধিক টিম মাঠে নামে।
নিখোঁজ দশ বছরের শিশুকে ঘিরে কানপুর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎকণ্ঠা। কোথায় গেল সামিয়ান? কী অবস্থায় আছে সে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এলাকাবাসীর মনে। অবশেষে নাটকীয় মোড় মাত্র এক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বিকেল ছটা নাগাদ খেলতে খেলতেই সামিয়ান একাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মুন্সিরহাট ফতেহ আলী মেলা দেখতে। কিন্তু রাস্তা ঠিকমতো না চেনার কারণে পথ ভুল করে সে পৌঁছে যায় লিলুয়া এলাকায়। আতঙ্কিত ও বিভ্রান্ত অবস্থায় সেখানেই ঘুরছিল সে।
পুলিশের তৎপরতায় অক্ষত অবস্থায় সামিয়ানকে পরিবারের হাতে তুলে দেওয়া হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা এলাকা। পরিবারের চোখে-মুখে ফেরে হাসি, আর এলাকাবাসী কুর্নিশ জানায় পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগকে।

