ডালিয়া বর, নিজস্ব সংবাদদাত,কালকাতা; স্কুলের মধ্যে এলোপাথাড়ি গুলিচালানোর ঘটনায় অস্ট্রিয়ার শোরগোল। সূত্রের খবর, একটি স্কুলে মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে। তীব্র আতঙ্কের পরিবেশ। সংবাদ সূত্রে খবর, দক্ষিণ অস্ট্রিয়ার গ্রাজ শহরের ওই স্কুলে গুলির আঘাতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে গুলিকাণ্ডের ঘটনার পরেই পুলিশ তদন্তে নেমেছে ।এই মুহূতে পুলিশ নিশ্চিত করেছে যে ড্রেইয়ার্সচুটজেনগাসের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড স্কুলে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্কুলের কোনও এক পড়ুয়া গুলি চালিয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা । হতাহতের সঠিক সংখ্যা পুলিশ এখনও নিশ্চিত করেনি, তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে নিহতদের মধ্যে ছাত্র এবং শিক্ষকও রয়েছেন। ১০ জনেরও বেশি গুরুতর আহত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ক্লাসরুমে গুলির শব্দ শোনা যায়। তৎপর থেকে স্কুলের উপর পুলিশ কড়া নজর রেখেছে । জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পুলিশের অনুমান, অভিযুক্ত আত্মহত্যা করেছে।
বিবিসির খবর অনুযায়ী, আহত শিক্ষার্থীরা স্কুলের কাছেই হেলমুট লিস্ট হলে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে যে স্কুলটি খালি করে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি নিরাপদ এবং বিপদের কোনও আশঙ্কা করছে না পুলিশ।
অস্ট্রিয়ান প্রেস এজেন্সির দাবি, মেয়র এলকে কাহর ঘটনাগুলিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে নিহতদের মধ্যে সাতজন ছাত্র এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তিনি আরও বলেন, আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ ঘটনাটি সম্পর্কে কথা বলতে গিয়ে, ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পাউলা পিনহো বলেছেন যে ‘আমরা নিহতদের পরিবার এবং অস্ট্রিয়ার সমগ্র গ্রাজ শহরের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই। একটি স্কুলে এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একসঙ্গে শোক পালন করছি।’

