নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ১৫ অগাস্ট নয়, বরং ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্প। নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রকল্পের আওতায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে এবং রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপনও দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, এই প্রকল্পে স্কলারশিপ কোনও বাধা হবে না। ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড কিংবা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর কোনওটি পেলে ভাতা পেতে অসুবিধা নেই। তবে স্কলারশিপ ছাড়া অন্য কোনও সরকারি প্রকল্পে যুক্ত থাকলে এই সুবিধা মিলবে না।
তিনি বলেন, মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। চাকরি না পাওয়া পর্যন্ত টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আগে ঠিক করা হয়েছিল ১৫ অগাস্ট থেকে প্রকল্পটি শুরু হবে। কিন্তু যেহেতু ১ এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হয়, তাই সেই দিন থেকেই ‘যুব সাথী’ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

