নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন ইভিএম ও গুরুত্বপূর্ণ নির্বাচনী নথিপত্র স্ট্রং রুমে সংরক্ষণ করা হয়েছে। এই স্ট্রং রুমগুলির নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিদিন বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা স্ট্রং রুম পরিদর্শন করছেন।
স্ট্রং রুমে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। বাইরে ও ভেতরে মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সিসিটিভি নজরদারির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ কর্মীরাও সতর্কভাবে দায়িত্ব পালন করছেন, যাতে কোনওরকম অনভিপ্রেত ঘটনা না ঘটে।
ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

