নিজস্ব সংবাদদাতা,আরএনবি : রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গী -র সহযোগিতায় ” প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন ” এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসলো সোলার স্ট্রিট লাইট। সন্ধ্যায় অন্ধকার রাস্তায় প্রাক্তন ছাত্র – ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের টিউশন পড়ে বাড়ি ফিরতে এবং গ্ৰামের যুবতী , মহিলা সহ গ্ৰামবাসীদের যাতায়াতের পথে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তারা নিরাপত্তার অভাববোধ করে।তাদের এই অসুবিধার কথা তারা উলুবেড়িয়া ১ নং ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা১ নাম্বার অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত কে জানায়। প্রাক্তন ছাত্রীদের,গ্ৰামের যুবতী ও মহিলাদের এই অসুবিধার কথা শুনে প্রধান শিক্ষক রাজদূত সামন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। সমস্যা নিরসনের কথা চিন্তা করতে থাকেন।
সম্প্রতি ৫ ই সেপ্টেম্বর ২০২৬ শিক্ষক দিবসে রাজদূত সামন্ত রাজ্য সরকার প্রদত্ত ” বিদ্যাসাগর শিক্ষা সম্মান ” পেয়েছেন। এই পুরস্কারের সাথে নাম যুক্ত হয়ে আছে যে প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব ,সেই ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ত্যাগ ,সেবার আদর্শ কে পাথেয় করে এবং বিবেকানন্দের অমোঘ বাণী ” জীবে প্রেম করে যে জন,সে জন সেবিছে ঈশ্বর ” এই বাণী কে সামনে রেখে প্রধান শিক্ষক রাজদূত সামন্ত অঙ্গীকারবদ্ধ হন , সমাজের হিতে দেশের স্বার্থে আগামিদিন গুলিতে তিনি সমাজ সেবার কাজ করে যাবেন নিঃস্বার্থ ভাবে।তারই অঙ্গ হিসাবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রী, যুবতী, মহিলাদের এবং গ্ৰামবাসীদের অসুবিধার কথা চিন্তা – ভাবনা করে বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করেন।এলাকার বর্তমান ,প্রাক্তন ছাত্রী – ছাত্রী, অভিভাবকবৃন্দ, গ্ৰামের যুবতী , মহিলারা সর্বোপরি গ্ৰামের সকলেই খুব আনন্দিত প্রধান শিক্ষক রাজদূত সামন্ত – র এই এলাকায় সমাজের সর্বস্তরের মানুষের স্বার্থে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা চৌরঙ্গী প্রেসিডেন্ট সঙ্গীতা গুলাই, মনীষা শ্রীবাস্তব,প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন এর অন্যতম কর্ণধার শ্যামদূত সামন্ত সহ ছাত্র -ছাত্রী ,অভিভাবক – অভিভাবিকা,গ্ৰামবাসীবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজদূত সামন্ত বলেন – প্রাক্তন ছাত্রী – যুবতী, মহিলা সহ গ্ৰামবাসীদের সন্ধ্যায় অন্ধকার রাস্তায় যাতায়াতের এই সমস্যা দুর করতে পেরে আমি খুশি এবং প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত সবুজ শক্তির ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পরিবেশ বান্ধব বার্তা দিতে পেরে আমি খুবই আপ্লুত ও আনন্দিত।


