নিজস্ব সংবাদদাতা,আরএনবি: সন্দেশখালির সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন তীব্রতর হচ্ছে। স্থানীয় মা-বোনেদের অভিযোগ, তাঁদের প্রাপ্য সরকারি সুবিধার উপর অন্যায়ভাবে থাবা বসাচ্ছে একদল অনুপ্রবেশকারী। লক্ষ্মীর ভান্ডারের ভাতা থেকে শুরু করে রেশন সব ক্ষেত্রেই তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। তাঁদের কথায়, রাজ্যের মানুষের জন্য নির্দিষ্ট সরকারি সুবিধাগুলি বহুদিন ধরেই লুটেপুটে খাচ্ছে এই অনুপ্রবেশকারীরা।
গ্রামবাসীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন, যারা বৈধ নন, যারা বাইরে থেকে এসে স্থানীয় পরিচয়ের সুযোগ নিচ্ছেন, তাঁদের ফিরে যাওয়াই একমাত্র সমাধান। অভিযোগ অনুযায়ী, এই অনুপ্রবেশকারীরা শুধু এলাকাতেই ঘাঁটি গেড়েই নেই, বরং সরকারি সুযোগ-সুবিধা অর্জন করে স্থানীয় মানুষের অংশ কেড়ে নিচ্ছেন। তাঁদের রেশন কার্ড আছে, তাঁরা রেশনের চাল পান, এমনকি ভোটও দেন এসব তথ্য শুনে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এভাবে কীভাবে তাঁদের বৈধ বাসিন্দার মর্যাদা দেওয়া হলো?
মা-বোনেরা জানিয়েছেন, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের কারণে প্রকৃত অধিকারীরা প্রতিদিন সমস্যায় পড়ছেন। সন্দেশখালির বাসিন্দাদের দাবি, সরকারি সাহায্য সত্যিকারের অধিকারীদের কাছে পৌঁছাতে হলে অবৈধভাবে সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকার পরিবেশ উত্তপ্ত হলেও মানুষের মূল দাবি ন্যায়বিচার, সুরক্ষা এবং তাঁদের প্রাপ্য সুবিধা সঠিকভাবে পাওয়ার নিশ্চয়তা।

