নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে হাওড়া জেলার পেঁড়ো থানার অন্তর্গত হরিশপুর পশ্চিম পাড়ার শীতলা-মনসা পূজা। প্রায় ১২৭ বছর আগে তৎকালীন চৌধুরী জমিদার বংশের উদ্যোগে এই পূজার সূচনা হয়। সেই সময়ে আড়ম্বর বা জাঁকজমক তেমন না থাকলেও, ধর্মীয় বিশ্বাস ও ভক্তিভাবই ছিল এই পূজার মূল ভিত্তি।সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে আয়োজনের ধরণে, তবে অটুট রয়েছে ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা। বর্তমানে পাড়ার বাসিন্দারা এক বিশাল উৎসবের পরিবেশ তৈরি করেন। পুজোর দিনে গোটা এলাকা ভক্তদের উপস্থিতিতে গমগম করে ওঠে। দূরদূরান্ত থেকে বহু পুণ্যার্থী এখানে সমবেত হন দেবী শীতলা ও মনসার আশীর্বাদ লাভের আশায়। মানত করে অনেকে দণ্ডীও কাটেন। এছাড়াও পূজাকে কেন্দ্র করে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলারও আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ আরও বাড়িয়ে তোলে।

