নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ রাজনৈতিক লড়াই, কৌশল আর সংগঠনের জোরে অবশেষে সূর্যোদয়ের মতোই উজ্জ্বল সূচনা—রাজ্যে প্রথমবার ক্ষমতার মসনদে বসতে চলেছে ‘গেরুয়া’ শিবির। সম্পূর্ণ বাঙালিয়ানার মোড়কে শপথ গ্রহণের দিন সকালেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা সূচিত হবে, যেখানে পরিবর্তনের প্রত্যাশায় মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। বহু প্রতীক্ষার পর অবশেষে ‘গেরুয়া’ শিবির তাদের প্রথম সরকার গঠনের পথে। নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা, কে হবেন মুখ্যমন্ত্রী, কীভাবে সাজানো হবে মন্ত্রিসভা। সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫শে বৈশাখ পুণ্য রবীন্দ্র জয়ন্তীতে শপথ নিতে চলেছে নতুন সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং প্রতিনিধিরা। ‘পরিবর্তন’ ও ‘উন্নয়ন’-এর প্রতিশ্রুতি নিয়েই মানুষের সামনে আসতে চলেছে নতুন সরকার।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম থেকেই প্রশাসনিক স্বচ্ছতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় কেবল একটি দলের নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে নতুন বাস্তবতার ইঙ্গিত। তবে চ্যালেঞ্জও কম নয়—প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং মানুষের প্রত্যাশা পূরণই হবে নতুন সরকারের আসল পরীক্ষা।‘গেরুয়া’ শিবিরের এই উত্থান হঠাৎ নয়; এর পিছনে রয়েছে দীর্ঘদিনের সংগঠন বিস্তার, কৌশলগত প্রচার এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা। ভোটের ময়দানে তারা যে বার্তা দিয়েছে—উন্নয়ন, জাতীয়তাবাদ ও স্থিতিশীলতা—তা ভোটারদের এক বড় অংশকে আকৃষ্ট করেছে। তবে ক্ষমতায় আসার পর বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। বিরোধী শিবিরের ও অবশ্যই পাখির চোখ থাকবে সরকারের প্রতিটি পদক্ষেপে। কারণ এই মুহূর্তেই পুরোপুরি হাল ছেড়ে দেবে না।ফলে আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাত যেমন বাড়তে পারে, তেমনই প্রশাসনিক দক্ষতারও বড় পরীক্ষা হতে চলেছে। সব মিলিয়ে, ‘রবির কিরণে’ শুরু হওয়া এই নতুন যাত্রা কতটা আলোকিত হবে, তা নির্ভর করছে সরকারের কাজের ওপরই। এখন নজর একটাই—প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ পেয়ে জনগণের প্রত্যাশার কলস পূরণ হয়।

