পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি:– শহরবাসীর যাতায়াতের অন্যতম ভরসা মেট্রো রেল। অফিস টাইম হোক বা বাড়ি ফেরার ভিড়— প্রতিদিন হাজার হাজার মানুষ নির্ভর করেন এই পরিবহণের উপর। তবে বারবারই পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার সকাল থেকে ফের যাত্রীদের অভিযোগ, বেশ কয়েকটি ট্রেনে দেরি হচ্ছে, প্ল্যাটফর্মে ভিড় জমছে, ট্রেনের ফাঁকফোকরও বেড়ে গিয়েছে। যাত্রীদের অভিযোগ, “ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করতে হচ্ছে, অথচ মাইকিংয়ে ঘোষণা করা হচ্ছে পরিষেবা স্বাভাবিক।”
এদিন এসপ্ল্যানেড, গড়িয়া ও দমদম স্টেশন থেকে একাধিক যাত্রী অভিযোগ করেন, ট্রেন দেরি করে আসছে। ফলে হুড়োহুড়ি করে উঠতে হচ্ছে কামরায়। অনেকে নামতে পারছেন না ভিড়ের জন্য। অফিস সময় হওয়ায় ভোগান্তি আরও চরমে পৌঁছায়।
অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও বড় গোলযোগ হয়নি। যদিও যাত্রীদের বক্তব্য, যদি পরিষেবা স্বাভাবিকই থাকে, তবে বারবার প্ল্যাটফর্মে কেন ভিড় জমছে এবং ট্রেন ধরতে এত সমস্যা হচ্ছে?
অভিযোগ ও পালটা দাবির মধ্যে দোদুল্যমান কলকাতা মেট্রো। প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি যাত্রীদের। প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি মতো আধুনিকীকরণ ও যাত্রীসুবিধা কেন এখনও পৌঁছয়নি সাধারণ মানুষের কাছে?
শহরবাসীর একাংশের দাবি, “যাত্রীদের অসুবিধা ঢাকতেই কর্তৃপক্ষ স্বাভাবিক বলছে।” তবে মেট্রো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সমস্যার সঠিক কারণ জানায়নি।

