নিজস্ব সংবাদদাতা, আরএনবি:নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই ১৭০০ দশকে দিকে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। সেই কৃষ্ণনগর থেকেই এই পুজো ছড়িয়ে পড়ে চন্দননগর, বাঁশবেড়িয়া, কলকাতা সহ সারা বাংলায়।
এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন কৃষ্ণনগরের বেশ কয়েকটি ক্লাব ও বারোয়ারির পুজো। আজ তিনি কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখান থেকেই কৃষ্ণনগরের বিভিন্ন পুজোর উদ্বোধন করবেন অনলাইনে।
কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন ও খ্যাতনামা পুজো চাষাপাড়া বারোয়ারির “বুড়িমা” প্রতিমা দেখবেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর হাজার হাজার মানুষ বুড়িমার দর্শনে ভিড় জমান। এছাড়া পাত্রবাজারের স্বীকৃতি ক্লাব ও বাঘাডাঙা বারোয়ারির পুজোও মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন।
চাষাপাড়া বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ বলেন, “এবারে জগতখ্যাত বুড়িমা দর্শন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা আমাদের কাছে বড় পাওনা। এলাকাবাসী তথা কৃষ্ণনগরবাসী এতে ভীষণ আনন্দিত উৎসাহিত। আমাদের আর আশা যদি মুখ্যমন্ত্রী কোন বছর সময় পেয়ে নিজে আমাদের বুড়িমাকে দর্শন করতে আসেন তাহলে আমরা আরো আনন্দিত হবো।”
পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের সম্পাদক অভিনব ভট্টাচার্য্য বলেন, ২৯ তারিখে মুখ্যমন্ত্রী আমাদের প্রতিমা দর্শন করবেন। এতে আমরা খুব গর্বিত ও উৎসাহিত।
বাঘাডাঙা বারোয়ারির সম্পাদক সুমিত ঘোষ জানান, “মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করাতে পূজো নিয়ে আমাদের উৎসাহ আনন্দ উদ্দীপনা কয়েক শতগুণ বেড়ে গিয়েছে। আজ ( ২৯ তারিখ) ভার্চুয়াল মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হবে আমাদের পুজো। এই নিয়ে আমাদের এলাকাবাসী ভীষণ উৎসাহিত এবং গর্বিত।”
এর আগেও মুখ্যমন্ত্রী চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেছেন। এবার কৃষ্ণনগরের পুজোও তাঁর হাতেই উদ্বোধন হতে চলেছে, যা নিয়ে এলাকায় খুবই আনন্দিত এবং উৎসাহিত।

