সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:নন্দীগ্রামের আসাদতলায় মহরমের মিছিল থেকে তুলসি মঞ্চে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, হামলাকারীরা পালটা প্রতিরোধের মুখে পুলিশের সাহায্যে আলো বন্ধ করে অন্ধকারে পালাতে বাধ্য হয়েছিল।
সোমবার নন্দীগ্রামের বয়ালে বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, “মহরমে যে তাণ্ডব হয়েছে, তা কল্পনাতীত। এখানে তুলসি গাছ ভেঙে দেওয়া হয়েছে। পেয়ারা গাছ কাটা হলেও কেউ বাধা দেয়নি, কিন্তু তুলসি গাছে হাত দেওয়ার পর যা শিক্ষা দেওয়া হয়েছে, তা বাংলার জন্য এক মহৎ বার্তা।” তিনি আরও বলেন, “মাইক, ঢোল বন্ধ করে, পুলিশ নিয়ে অন্ধকারে হামলাকারীদের পার করানো হয়েছে, তার সব ছবি আছে, কালকে প্রকাশ করব।”
এর আগে গত মাসে কলকাতা সংলগ্ন মহেশতলায় তুলসি মঞ্চে হামলার অভিযোগে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, হামলাকারীরা হিন্দুদের দোকানবাড়ি ভাঙচুর এবং শ্লীলতাহানি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলাকারীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়। পরিস্থিতি সন্ধ্যার পর নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনার পর এবার শুভেন্দু নিজেই নন্দীগ্রামে তুলসি মঞ্চে হামলার অভিযোগ তুলেছেন।

