পায়েল পাখিরা,নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- সর্বভারতীয় বনধের প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত উত্তেজনা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে এই বনধ ঘিরে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে, যেখানে সিপিএম নেতা মাজেদার রহমানকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে। বনধে অংশ নিতে এসে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার পর গ্রেফতারও করা হয় বলে জানা গেছে।
বুধবার সকাল থেকে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত এই বনধে রাজ্যের একাধিক স্থানে রাস্তায় নামে বামপন্থী সংগঠনগুলি। বংশীহারীতেও পিকেটিংয়ে সামিল হন সিপিএম কর্মীরা। সেই সময় ঘটনাস্থলে পৌঁছান বংশীহারী থানার আইসি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, পিকেটিং চলতে পারে, কিন্তু কোনো গাড়ি আটকানো যাবে না। এই বক্তব্যের প্রতিবাদে সিপিএম নেতা মাজেদার রহমান জানান, তাঁরা সারাদিন আন্দোলন চালিয়ে যাবেন। এরপর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
সেই সময়, ‘গরম দেখানো হচ্ছে’—এই মন্তব্য করে আইসি অসীম গোপ নাকি হঠাৎই বাঁ হাতে সপাটে চড় মারেন মাজেদারকে। আচমকা চড় খেয়ে তিনি হতচকিত হয়ে যান, এবং সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সিপিএম নেতৃত্বের তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। দলের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই ধরনের আচরণ নজিরবিহীন। তিনি মনে করেন, আইসি সরকারি উর্দি পরে শাসকদলের হয়ে কাজ করছেন।”
ঘটনার প্রতিবাদে বাম কর্মীরা স্লোগানে সরব হন—”পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো”—এমন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা পুলিশের এই আচরণের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাবেন এবং প্রয়োজনে আইনি পথও নেবেন।

