নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় বড়ো সাফল্য পেল ইসরো। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের এলভিএম৩-এম৬ রকেট (বাহুবলী) সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই রকেটের মাধ্যমেই প্রায় ৬ হাজার কেজি ওজনের মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইলের কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড ৬’ মহাকাশে পাঠানো হয়।
নির্ধারিত সময়ের থেকে ৯০ সেকেন্ড দেরিতে উৎক্ষেপণ হলেও অভিযানটি সম্পূর্ণ সফল হয়। প্রায় ১৫ মিনিট পর স্যাটেলাইটটি রকেট থেকে আলাদা হয়ে প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় নিজের কক্ষপথে পৌঁছবে। ‘ব্লু বার্ড ৬’ এখন পর্যন্ত ভারতের রকেটে উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ। বুধবার সকাল ৮.৫৪ মিনিটে এই রকেটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কিন্তু মহাকাশে কিছু জটিলতার থাকার জন্য উৎক্ষেপণের সময়সীমা ৯০ সেকেন্ড পিছিয়ে দেওয়া হয়।৮.৫৫ মিনিটে হল সফল উৎক্ষেপণ।
এই সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাদের পরিশ্রমী মহাকাশ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানাই। ভারতের মহাকাশ যাত্রা একটি গর্বের মাইল ফলক। এই সাফল্য আত্মনির্ভর ভারতের দিকের কয়েক কদর এগিয়ে দেবে।”

