পায়েল পাখিরা, সংবাদদাতা, হাওড়া:- বর্তমানে রাজ্যের বহু পরিশ্রমী শ্রমিক ন্যায্য আয়ের অভাবে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। পেটের টানে, পরিবারের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে এবং সন্তানদের শিক্ষার খরচ চালাতে গিয়ে তারা নিজেদের জন্মভূমি ছেড়ে দূর দেশে পাড়ি জমান।
রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, কম মজুরি, অনিশ্চিত ভবিষ্যৎ—এই সমস্ত কারণে দিন আনি দিন খাই শ্রমজীবী মানুষের জীবনে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। অন্যদিকে, ভিন রাজ্যে নির্মাণ কাজ, কৃষিকাজ কিংবা কলকারখানায় তুলনামূলক বেশি মজুরি এবং নিয়মিত কাজ পাওয়ার সম্ভাবনা তাদের টেনে নিয়ে যাচ্ছে।
তবে এই প্রবাসজীবন সহজ নয়। ভাষাগত সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা, নিম্নমানের বাসস্থান এবং কাজের অনিরাপত্তা নিয়েই বাঁচতে হয় তাদের।
এই পরিস্থিতি রাজ্যের জন্যও চিন্তার বিষয়। কর্মক্ষম জনশক্তি বাইরে চলে যাওয়ায় রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই প্রয়োজন, রাজ্যে শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসার এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার। তবেই শ্রমিকরা নিজেদের রাজ্যে থেকেই সম্মানজনক জীবিকা গড়ে তুলতে পারবেন।

