সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বুধবার ভোরে উলুবেড়িয়ার বাগাণ্ডা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। জানা গিয়েছে, মৃতের নাম মনিরুল ইসলাম, বয়স ২৫। তিনি বাইকে করে বাগাণ্ডা থেকে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে মনসাতলা এলাকায়। সূত্রের খবর, সেখানকার রাস্তায় জলের লাইনের কাজ চলার জন্য মাটি খোঁড়া হয়েছে এবং সেই মাটি রাস্তার একাংশে ছড়িয়ে রয়েছে। এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল বাইক থেকে পড়ে যান। সেই সময় শ্যামপুর থেকে উলুবেড়িয়ার দিকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং রাস্তাও অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর জনতাকে শান্ত করা সম্ভব হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্যামপুর হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত লরির চালক পলাতক।

