নিজস্ব সংবাদদাতা, আরএনবি: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে সাধারণ মানুষের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।সেই আবহেই উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের বাড়ি বাড়ি সারফেস বেসড পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করা হলো।
আজ অর্থাৎ শুক্রবার ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীপুর, বড়গাছিয়া এবং মৌবেশিয়া মৌজায় এই প্রকল্পের শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানীয় জলের চাহিদা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে।
এই শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায়।তিনি জানান, রাজ্য সরকারের লক্ষ্য মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়া।মুখ্যমন্ত্রীর নির্দেশ ও অনুপ্রেরণায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এই ধরনের প্রকল্প ধাপে ধাপে বিভিন্ন এলাকায় চালু করা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন,এই উদ্যোগের মাধ্যমে এলাকার বহু মানুষের পানীয় জলের সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ এবং বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।নতুন এই প্রকল্পের সূচনায় এলাকাবাসীর মধ্যেও যথেষ্ট উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষজন মনে করছেন,এই উদ্যোগের ফলে এলাকায় নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের সরবরাহ আরও সহজলভ্য হবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এই ধরনের প্রকল্প ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে চালু করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

