নিজস্ব সংবাদদাতা, আরএনবি: কালীপুজোর প্রাক্কালে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বড় ঘোষণা এল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রত্যেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। উৎসবের এই সময় কর্মীদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
এই ঘোষণা করা হয় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে। মুখ্যমন্ত্রী জানান, এই টাকা সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যাতে কোনওরকম জটিলতা বা দেরি না হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৭২ হাজার আশা কর্মী রয়েছেন। অর্থাৎ প্রায় ১ লক্ষ ৭৭ হাজার কর্মী এই সুযোগের আওতায় আসবেন।
এই সিদ্ধান্তের ফলে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ডিজিটাল তথ্য আদান-প্রদান, স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পাঠানো, শিশুদের অগ্রগতির পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে একটি ভালো স্মার্টফোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন অনেক কর্মীই ব্যক্তিগত খরচে এই প্রয়োজন মেটাতে পারতেন না। ফলে সরকারি এই অনুদান নিঃসন্দেহে তাঁদের পেশাগত জীবনকে সহজতর করবে।
এছাড়াও, রাজ্য সরকারের এই উদ্যোগ সামাজিক এবং প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। আশা কর্মীরা মূলত গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ভরসা, আর অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশু ও মাতৃকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ এই আর্থিক সহায়তা তাঁদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কাজের প্রতি উৎসাহ আরও বাড়াবে।
উৎসবের মরসুমে যখন সবত্র আনন্দের আমেজ, তখন এই ঘোষণা কর্মীদের জন্য যেন এক বিশেষ উপহার। মুখ্যমন্ত্রীর এই মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক সহানুভূতির আরেকটি নিদর্শন হয়ে রইল।

