নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আলিপুরদুয়ারে ফের মর্মান্তিক পথদুর্ঘটনার ঘটনা।পলাশবাড়ি এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির চালকের।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চালকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ও ফালাকাটার মাঝামাঝি পলাশবাড়ি এলাকায় জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে আসছিল একটি গাড়ি।সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এর ফলে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গাড়ির চালক।স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।চালকের স্ত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেইসঙ্গে কীভাবে দূর্ঘটনাটি ঘটল,তা খতিয়ে দেখছে পুলিশ।

