সায়ন্তন মণ্ডল,নিজস্ব সংবাদদাতা, কলকাতা; আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান বিপর্যয়ের পর দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখার পরিকল্পনাও চলছে।খবর এনডিটিভি সুত্রে। যদিও সরকারের তরফে এখনও সেরম কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ বিমান উত্তরনের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে নিকটবর্তী ডাক্তারি হস্টেলের উপর। নিহত হন ওই বিমানের ২৪১ জন যাত্রী ও বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া। বোয়িং সিরিজের মত অত্যাধুনিক প্রযুক্তির বিমানও কেন ভেঙ্গে পড়ল সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এসবের মধ্যেই শোনা গেছে, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মীও বোয়িং বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন।
সুত্র মারফত পাওয়া ওই রিপোর্টে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানের সমস্ত ফ্লাইট বন্ধ করার কথা বিবেচনা করছে। মার্কিন ওয়াইড-বডি বিমানটির নিরাপত্তা পর্যালোচনার জন্য সম্ভবত বোয়িং বিমান আপাতত না চালানো সিদ্ধান্ত হয়েছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, এই বিষয়ে ভারত ও মার্কিন সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে। যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনও খামতি বা গাফিলতি পাওয়া যায়, তবে টাটা সংস্থার এই এয়ারলাইন্সের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।এই ঘটনার পর বোয়িংয়ের তরফে জানানো হয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে। সব বিষয়ে এয়ার ইন্ডিয়াকে সহযোগিতা করার কথাও জানিয়েছে তারা। এদিকে, বিমান তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত ২,৫০০টিরও বেশি ৭৮৭ মডেলের বিমান বিক্রি করেছে বোয়িং।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে এই মডেলের ৪৭টি বিমান রয়েছে। এই পরিস্থিতি ভারত সরকারের ভাবনা অনুযায়ী এই বিমানগুলিকে যদি গ্রাউন্ড করে দেওয়া হয়, সেক্ষেত্রে বিদেশ যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে চলেছেন অনেকেই। কোনও মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়লে, সেই দুর্ঘটনার আসল কারণ যতদিন পর্যন্ত না জানা যায় ততদিন সেই মডেলের অন্য সমস্ত বিমান গাউন্ড করে দেওয়াই নিয়ম। তদন্তে যদি দেখা যায় দুর্ঘটনার কারণ পরিকাঠামোগত ত্রুটি নয় তখন ফের সেই পরিষেবা চালুর অনুমতি দেওয়া হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্থ বিমানটির ব্লাক বক্স উদ্ধার করা গিয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে আমেরিকা বা ফ্রান্সের অত্যাধুনিক ল্যাবে।

