নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একের পর এক চমকপ্রদ অফার-অর্ধেক দামে পণ্য,বিনা পরিশ্রমে মোটা টাকা আয়।কিন্তু এই চকচকে বিজ্ঞাপনের আড়ালেই যে লুকিয়ে রয়েছে বড়সড় প্রতারণার ফাঁদ।আর সেই ফাঁদে পা দিয়েই প্রতিদিন সর্বস্ব হারাচ্ছেন অসংখ্য মানুষ।ইদানিংকালে প্রতারক চক্র খুবই সতর্কভাবে কাজ গুলো করছে। সাধারণ মানুষ কোনোদিন কল্পনাই করতে পারবে না,যে তাদের ঠকানোর প্ল্যান করা হয়েছে।কখনও ভুয়ো ই-কমার্স সাইট, কখনও চাকরির লোভনীয় অফার,আবার কখনও ইনভেস্টমেন্টের নামে মোটা লাভের প্রতিশ্রুতি-সবই সাজানো ফাঁদ।প্রথমে মানুষের সাথে ভালো ব্যবহার করে বিশ্বাস জাগিয়ে তুলতে কিছু লাভ দেখানো হয়।তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে গা ঢাকা দেয় প্রতারকরা।বিশেষজ্ঞদের মতে,“সহজে বড় লাভ”এই মানসিকতাকেই টার্গেট করছে প্রতারকরা।অনেকেই যাচাই না করেই টাকা পাঠাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন, যার সুযোগ নিচ্ছে এই চক্র। একবার ফাঁদে পড়লে টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।প্রশাসনের তরফেও বারবার সতর্ক করা হচ্ছে-অপরিচিত লিঙ্ক, অচেনা নম্বর বা অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে দূরে থাকার জন্য।কোনও অফার যতই লোভনীয় হোক,আগে যাচাই করুন।না হলে এক ক্লিকেই হতে পারে বড় ক্ষতি।চকচকে অফারের মোড়কে লুকিয়ে থাকা এই প্রতারণা এখন সমাজের জন্য বড় হুমকি।তাই লোভ নয়,সচেতনতাই হোক সুরক্ষার একমাত্র অস্ত্র-নইলে পরের শিকার হতে পারেন আপনিও।

