নিজস্ব সংবাদদাতা, আরএনবি: বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রিমেক মিডিয়া কাউন্সিলের উদ্যোগে আয়োজিত হলো এক মনোজ্ঞ বর্ষবরণ অনুষ্ঠান ও কবি সম্মেলন। বাঙালির ঐতিহ্য এবং নববর্ষের আবেগকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে একত্রিত হয়েছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সুস্থ সংস্কৃতিপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন নন্দী, সোমনাথ চক্রবর্তী, সত্যব্রত মন্ডল, রেশমা খাতুন, লিপা চৌধুরী, বাবু হক, অভিজিৎ হাজরা, নির্মল জানা ও বিশ্বনাথ হাজরার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার পূর্ণেন্দু চৌধুরী, যিনি এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।অনুষ্ঠানের সূচনাতেই সোমনাথ চক্রবর্তীর কণ্ঠে বৈশাখের আমন্ত্রণী সঙ্গীত পরিবেশকে এক আবেগঘন ও উৎসবমুখর আবহে রাঙিয়ে তোলে। এরপর একে একে মঞ্চে উঠে আসেন উপস্থিত কবিরা। নববর্ষকে কেন্দ্র করে তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁরা তুলে ধরেন জীবনের নানা অনুভূতি, সমাজের চিত্র এবং নতুন বছরের আশা-আকাঙ্ক্ষা।গান ও কবিতার সুমেলবন্ধনে সাজানো এই বর্ষবরণ অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের বুকে সুস্থ, সচেতন ও ইতিবাচক সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ আগামী প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা।সব মিলিয়ে, নববর্ষের এই বিশেষ আয়োজন রিমেক মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে এক সফল ও স্মরণীয় উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়ে থাকল, যা সংস্কৃতিপ্রেমীদের মনে দীর্ঘদিন পর্যন্ত জায়গা করে নেবে।

