পায়েল পাখিরা,নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- রাজস্থানের চুরু জেলার রতনগড় এলাকায় বুধবার একটি ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল ১টা ২৫ মিনিট নাগাদ চুরুর বানোদা গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, এবং মুহূর্তের মধ্যেই আকাশ থেকে আগুন জ্বলতে জ্বলতে নিচে নেমে আসে বিমানটি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে। তারা মাঠের মধ্যে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ এবং দুইটি দেহ দেখতে পান। প্রতিরক্ষা সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি একটি জাগুয়ার যুদ্ধবিমান ছিল, তবে এটি প্রশিক্ষণ উড়ান ছিল নাকি অপারেশনাল মিশনের অংশ, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ও প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ধ্বংসস্তূপ থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দেহাবশেষ দেখে অনুমান করা হচ্ছে, বিমানটিতে থাকা পাইলটরা প্রাণ হারিয়েছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখযোগ্যভাবে, রাজস্থানে ভারতীয় বায়ুসেনার একাধিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে যোধপুর ও বিকানের গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আধিকারিকরা বলছেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলছে এবং বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে।

