পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল-কুটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে একটি হাইপার মার্কেট, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। আহত হয়েছেন বহু মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে উদ্ধৃত করে ওয়াসিত প্রদেশের গভর্নর জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
বুধবার সন্ধ্যায় আল-কুট শহরের ব্যস্ততম একটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সেখানে থাকা ক্রেতা ও কর্মীরা। আগুন এতটাই তীব্র ছিল যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো ভবনটিই জ্বলছে এবং দমকলকর্মীরা প্রাণপণে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
রাতভর চেষ্টা চালিয়ে অবশেষে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে শপিং মলটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। বহু মানুষ ভবনের ভিতরে আটকে পড়েছিলেন, যাদের উদ্ধারে দমকল ও উদ্ধারকারী দলগুলো নিরলসভাবে কাজ করে চলেছে।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাদেশিক গভর্নর মহম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই শপিং মলটির মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একজন স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে একজনের দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার পর ওয়াসিত প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গভর্নর। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

