নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বড়দিনে কলকাতায় শীত একেবারে জাঁকিয়ে পড়েছে। এক ধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩.৭ ডিগ্রিতে, যা এই মরসুমে এখন পর্যন্ত সবচেয়ে ঠান্ডা দিন। ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে ময়দান, আলিপুর-সহ শহরের বিভিন্ন এলাকায়। সকাল হতেই শীতের আমেজে সোয়েটার-জ্যাকেট গায়ে দিয়ে চিড়িয়াখানা, ইকোপার্ক ও সায়েন্স সিটির মতো জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন মানুষজন। বেলা বাড়লেও রোদের তেজ ছিল কম, ফলে শীতের অনুভূতি বজায় থাকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’ -তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ বর্ষশেষের ছুটির পুরো সময়টাই শীতের আমেজে কাটবে। কলকাতায় ৩০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে, তার পরে সামান্য বাড়তে পারে পারদ।
উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় এবং উত্তুরে হাওয়ার দাপট বাড়ায় এই শীত বেড়েছে। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সকালে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। এই সব জেলায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

